মামলা হচ্ছে হজ এজেন্সি ওরিয়নের বিরুদ্ধে
ঢাকা: হজযাত্রীদের কাছ থেকে সাড়ে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হজ এজেন্সি ওরিয়ন এয়ার সার্ভিসের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর স্বত্বাধিকারীর নাম শাকিল আহমেদ।
সোমবার রাজধানীর দুদক কার্যালয়ে কমিশনের বৈঠকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, হজ এজেন্সি ওরিয়ন এয়ার সার্ভিসকে (হজ লাইসেন্স নম্বর ১৮৮) পবিত্র হজ পালন করার জন্য ১৮ জন যাত্রী ৩৪ লাখ ৭০ হাজার টাকা জমা দেন। কিন্তু তাদের হজে না পাঠিয়ে পুরো টাকা হাতিয়ে নেয় এজেন্সিটি।
দুদকের অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে কমিশন এ মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক আবদুল আজিজ অভিযোগটি অনুসন্ধান করেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








