ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ছবি: সংগৃহীত
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিন রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সম্প্রতি ঈদ উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)।
সভায় জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। আবহাওয়া প্রতিকূল হলে তা বায়তুল মোকাররমে স্থানান্তর করা হবে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে ঈদের প্রধান জামাত স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ঈদের প্রধান জামাতের ইমাম ও ক্বারীর মনোনয়নের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন তিনজন বিশিষ্ট আলেম ও তিনজন ক্বারীর নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় এখান থেকে একজন ইমাম, একজন বিকল্প ইমাম, একজন ক্বারী, একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক মনোনয়ন করবে।
আরও পড়ুন: তারাবির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কাবার ইমাম
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








