নববর্ষে আ.লীগের শুভেচ্ছা, নানা কর্মসূচি
ঢাকা: বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সব ভেদাভেদ ভুলে গিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশবাসীর উদ্দেশে এক অভিনন্দন বার্তায় এ আহবান জানান। দিনটি উপলক্ষে আ.লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি আয়োজনের কথাও জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, “জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সব সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জেগে উঠতে হবে। দিনবদলের সংগ্রামে সবাইকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।”
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, “আমাদের নতুন বছরের অঙ্গীকার হোক-যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন ও সুশাসন প্রতিষ্ঠা করে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে সার্থকরূপে বাস্তবায়ন করা।”
এদিকে দলীয় সূত্র জানায়, নতুন বছরকে বরণ উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে সকাল আটটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ এ শোভাযাত্রা আয়োজন করবে।
সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, উপদেষ্টা পরিষদ, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের সব শাখা সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। দেশব্যাপী অনুষ্ঠেয় এসব কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








