‘নববর্ষে সবার কল্যাণ কামনা করি’
ঢাকা: শুভ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার বাণী দিয়েছেন। বাণীতে তিনি নতুন বছরে সবার কল্যাণ কামনা করেছেন।
প্রদত্ত বাণীতে তিনি বলেন, “বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সবার কল্যাণ কামনা করি, দেশবাসী যদিও একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাতাকলে পিষ্ট।”
তিনি বলেন, “বাংলা নববর্ষের সূচনায় আমি দেশ-বিদেশের সকল বাঙলাভাষী-বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
খালেদা জিয়া আরো বলেন, “পৃথিবীর নানা জাতি-গোষ্ঠি নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তাদের নববর্ষ উদযাপন করে থাকে। তেমনি আমাদের কাছে পহেলা বৈশাখও একটি গুরুত্বপূর্ণ উৎসব। বহুকাল ধরেই নতুন নতুন আঙ্গিকে, বর্ণ ও বৈচিত্র্যে পহেলা বৈশাখ আমাদের জীবনে ফিরে আসে।”
তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অন্যতম অহংকার। আমরা এ অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃগোষ্ঠি ভেদে লালন করে থাকি।”
বাণীতে খালেদা জিয়া বলেন, “নববর্ষের নতুন এই সকালে মহান আল্লাহ’র কাছে কায়মনোবাক্যে সবার ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় সব পর্যায়ে সুখ-শান্তি কামনা করি।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








