জাতীয় পার্টিই পারে শ্রমিক স্বার্থ রক্ষা করতে: এরশাদ
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের শ্রমিকরা এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছে। জাতীয় পার্টির শাসনামলেই শ্রমিকদের স্বর্ণযুগ ছিল। একমাত্র জাতীয় পার্টিই শ্রমিক সমাজের স্বার্থ রক্ষা করতে পারে।
সোমবার বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী সংহতি পরিষদ বি-২০৭৪ এর অন্তর্ভুক্ত ওয়ার্কচার্জ কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শ্রমিক নেতৃবৃন্দ এ সভায় ওয়ার্কচার্জ কর্মচারীদের পেনশনভুক্ত করার দাবিতে তাদের বক্তব্য তুলে ধরেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ শ্রমিকনেতৃবৃন্দদের দাবী-দাওয়ার সাথে একমত পোষণ করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. জিয়াউল ইসলাম ভূঁইয়া, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমিক কর্মচারী নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী সংহতি পরিষদ সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, নুরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণির ওয়ার্কচার্জ কর্মচারী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








