অপচয় মুক্ত নগর-সরকারের অঙ্গীকার সাকির
ঢাকা: নাগরিক সমস্যার সমাধানে দুর্নীতি আর অপচয় মুক্ত নগর-সরকার গড়ার অঙ্গীকার নিয়ে চিড়িয়াখানা থেকে গুদারাঘাট পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।
রোববার বিকেল ৩টা থেকে প্রচারকর্মীদের সঙ্গে নিয়ে মিরপুর চিড়িয়াখানা থেকে গুদারাঘাট পর্যন্ত পথে পথে নাগরিকদের মাঝে প্রচারণা চালান তিনি। এই দীর্ঘ পথ মানুষের সঙ্গে মতবিনিময় করে, তাদের পরামর্শ, অভিযোগের কথা শোনেন সাকি।
প্রচারণায় জোনায়োদ সাকি বলেন, “গ্যাস-পানি-বিদ্যুৎ আলাদা আলাদা কর্তৃপক্ষের হাতে থাকার কারণে অপচয় আর দুর্নীতির মাত্রা বহুগুন বৃদ্ধি পাচ্ছে। মেয়র নির্বাচিত হলে নগর-সরকার প্রতিষ্ঠা করে এই অবস্থার নিরসনের সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে।”
বাসযাত্রীদের সমস্যা নিয়ে তিনি অঙ্গীকার করেন, বিআরটিসি যথেষ্ট পরিমান বাস না নামালে সিটি করপোরেশন প্রয়োজনে বাস নামিয়ে নাগরিকদের প্রাত্যহিক অপমান আর সময়ক্ষেপণ থেকে রক্ষা করা হবে।
তিনি আরও আশ্বাস দেন, মেয়র নির্বাচিত হলে ধুলো-ময়লা রাস্তার পাশে স্তুপ করে রাখা হবে না, রাতের মাঝেই গাড়ি দিয়ে সরিয়ে নেয়া হবে। জনগণকে সাথে নিয়ে দুর্নীতি আর অপচয় রোধ করা হবে।
এসময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন- শ্রমিক নেতা বাচ্চু ভূঁইয়া, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, প্রকৌশলী মাহবুব সুমন, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহাসহ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা।
এর আগে রোববার সকাল ১১টায় নির্বাচন কমিশন আয়োজিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন জোনায়েদ সাকি।
নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম
নিউজবাংলাদেশ.কম








