বিপুল জনসমর্থন পাচ্ছি: তাবিথ
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল জানিয়েছেন, আন্তর্জাতিক মানের আদর্শ ঢাকা নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগে সর্বস্তরের মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে।
রোববার সকাল থেকে দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। বেলা ১১টায় তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন বারিধারার কালাচাঁদপুর, শাহজাদপুর, মধ্য বাড্ডা ও খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এসময় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাবিল আউয়ালকে সমর্থন জানিয়ে কুশল বিনিময় করেন।
গণসংযোগে ভোট ও দোয়া প্রত্যাশা করে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, “আমার স্বপ্ন ও প্রত্যয় একটি পরিকল্পিত আন্তর্জাতিকমানের আদর্শ ঢাকা নগরী গড়ে তোলা। এজন্য ঢাকা নগরীকে নিয়ে আমার গবেষণা, বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও হোমওয়ার্ক রয়েছে। নগরবাসীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ করতে আমরা ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর চ্যালেঞ্জ নিয়েছি।”
এসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ সিটি করপোরেশনের নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থী তাবিথ আউয়াল।
তাবিথ বলেন, “ইতোমধ্যে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর নেতা এবং প্রার্থী হিসাবে আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আটক নেতাদের মুক্তি, নির্যাতন, হয়রানি বন্ধের দাবি জানিয়েছি। নির্বাচন কর্মকাণ্ডের সুবিধার্থে নেতা-কর্মীদের গ্রেফতার, হয়রানি বন্ধ করা প্রয়াজন। এ দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত কোন আশ্বাস পাইনি।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








