News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪২, ১৭ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের পক্ষ নিয়েছেন খালেদা জিয়া: ইনু

কামারুজ্জামানের পক্ষ নিয়েছেন খালেদা জিয়া: ইনু

ঢাকা: নীরবতার মধ্য দিয়ে খালেদা জিয়া যুদ্ধাপরাধী কামারুজ্জামানের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, “কামারুজ্জামান তার ক্ষমতার পার্টনার ছিল। সুতরাং আজকে সন্দেহাতীতভাবে প্রমাণ হলো খালেদা জিয়া জেনেশুনে একজন যুদ্ধাপরাধীর সাথে ক্ষমতার পার্টনারশীপ করেছিলেন বাংলাদেশে কেবলমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।”


কামারুজ্জামানকে ইসলামী চিন্তাবিদ ও মোল্লা হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে ইনু বলেন, “তিনি কোনোদিন ইসলামী চিন্তাবিদ নন, ধর্মীয় নেতা ছিলেন না। উনি রাজনৈতিক দলের কর্মী এবং জঘন্য যুদ্ধাপরাধী। রাজনৈতিক দলের কর্মীকে ইসলামী চিন্তাবিদ হিসেবে বলা কিংবা ধর্মীয় নেতা, আলেম হিসেবে বলাটা মিত্যাচার ও বিকৃত তথ্য। এটা বিসিসি, সিএনএন বললে সেটা দুঃখজনক। মধ্যপ্রাচ্যের জঙ্গি আইএসর পক্ষে সোচ্চার, আর আমার এখানে যুদ্ধাপরাধীর সাজা কার্যকর হচ্ছে তখন নীরবতা পালন করছে, তখন এটার বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা চলছে। চিহ্নিত যুদ্ধাপরাধীকে ইসলামী চিন্তাবিদ, মোল্লা হিসেবে তুলে ধরা দুঃখজনক।”

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতাপাগল, নেতানেত্রীরা গণতন্ত্রের জন্য বিপদ। সেই বিপদ থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমকর্মীদের সাহসী, বলিষ্ট ভূমিকা রাখতে হবে। সেখানে আপনি ভারসাম্য রক্ষার নীতিতে চলতে পারেন না। আপনাকে পক্ষ নিয়ে বলতে হবে আপনি আইনের পক্ষে, অপরাধের বিপক্ষে। এইটুকু করতে পারলে গণতন্ত্র বাংলাদেশে টিকে থাকবে।”

ইনু বলেন, “গণতন্ত্র আইন দ্বারা চলে, ভক্ত দ্বারা গণতন্ত্র চলে না। পীরে ভক্ত থাকতে পারে, নেতানেত্রীর ভক্ত থাকতে পারে, ভক্ত অন্ধ হয়। অন্ধ মানুষ গণতন্ত্রের জন্য যায় না। খালেদা-ভক্ত বা হাসিনা-ভক্ত বা ইনু-ভক্ত, ভক্তরা গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়। খালেদা ভক্তরা এখনো দেখতে পারছেন না খালেদা জিয়া পরিকল্পিতভাবে মানুষ পুড়িয়ে মেরেছে। এখনো আগুন সন্ত্রাসীর সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে এসেছেন। এটা অত্যন্ত দুঃখজনক।”

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়