খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণা
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা রক্ষায় আপসহীন কিংবদন্তীতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।
রিজভী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। তার মৃত্যুতে বিএনপি সাত দিনব্যাপী শোক পালন করবে।
শোক কর্মসূচির অংশ হিসেবে তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব বিএনপি কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন করা হবে, দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবেন, প্রতিটি দলীয় কার্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন
এছাড়া কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হবে। সেখানে গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্তব্য লিখে স্বাক্ষর করবেন বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








