News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন 

খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন 

ফাইল ছবি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। শেষ দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

মৃত্যুকালে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সাবেক এই প্রধানমন্ত্রী চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। তবে বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘমেয়াদি রোগের কারণে তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। সর্বশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময়ের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়