News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ২৭ ডিসেম্বর ২০২৫

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিতে সক্রিয় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রয়াত স্বজন ও নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।

এদিন সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। প্রথমেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে কিছু সময় অবস্থান করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে যান তারেক রহমান। দুপুর ১টার দিকে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ১০৪ নম্বর কক্ষে তার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়। একই সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডি নিবন্ধনের প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

নির্বাচন কমিশনের কার্যক্রম শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন: ভোটার হলেন তারেক রহমান ও জাইমা

আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং একজন পরিচিত ক্রীড়া সংগঠক। তার জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। কোকো ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

কোকোর কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানী কবরস্থানেই তার শ্বশুর, রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এরপর ধানমন্ডিতে অবস্থিত শ্বশুরের বাসভবন ‘মাহবুব ভবনে’ যাওয়ার কর্মসূচি ছিল তার।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেলের শেষভাগে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং তার সঙ্গে সময় কাটানোর কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

এদিকে, পঙ্গু হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানে আহত কোনো রোগী না থাকায় সেখানে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটে। পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সবাই নিজ নিজ এলাকায় ফিরে যান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়