News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ২৭ ডিসেম্বর ২০২৫

ভোটার হলেন তারেক রহমান ও জাইমা 

ভোটার হলেন তারেক রহমান ও জাইমা 

ছবি: সংগৃহীত

ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে তারা ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

তারেক রহমান ভোটার হওয়ার সময় নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান ও জাইমা রহমান আগেই অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছিলেন। শনিবার তারা শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন।

তিনি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। কোনো তথ্যের সঙ্গে মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। বিষয়টি আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। তারা চাইলে আমাদের কাছ থেকে এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নিবন্ধনকারীর মোবাইলে এসএমএস পাঠানো হবে, সেখান থেকেও এনআইডি ডাউনলোড করা যাবে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছিল, শনিবার তিনি ভোটার হবেন।

এর আগে দলের পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে দেশের যে কোনো এলাকার ভোটার হলেই যথেষ্ট। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় সঙ্গত কারণে তিনি ভোটার হতে পারেননি।

আরও পড়ুন: হাদির কবর জিয়ারত শেষে ভোটার হতে ইসির উদ্দেশে তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। সে কারণে এর আগেই ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল।

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মা জুবাইদা রহমানের সঙ্গে ইটিআই ভবনে প্রবেশ করেন জাইমা রহমান। নিবন্ধন সম্পন্ন করে তিনি পৌনে একটার দিকে বেরিয়ে যান।

পরে দুপুর একটার দিকে তারেক রহমান ইটিআইতে আসেন এবং সোয়া একটার দিকে বের হন। এর আগে, চলতি বছরের জুন মাসে জুবাইদা রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন। ওই ঠিকানাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান-২ এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়