গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খাঁন
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি জানান, রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে পদত্যাগ প্রসঙ্গে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া এক চিঠিতে রাশেদ খাঁন লেখেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।’
চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সময় রাজপথের সহযোদ্ধা হিসেবে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছেন তারা। এই পথচলায় তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
রাশেদ খাঁন আরও লেখেন, দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে সভাপতি নুরুল হক নূরের সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
তিনি বলেন, ‘যেখানেই থাকি না কেন, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে অটুট থাকবে। আপনার নিকট দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’
চিঠির শেষাংশে রাশেদ খাঁন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজ থেকেই দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন এবং সভাপতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করছেন।
দলের সব নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসাও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ভোটার হলেন তারেক রহমান ও জাইমা
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








