News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৫, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৬, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে: নাহিদ ইসলাম

তারেক রহমানের প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, দীর্ঘ ১৭ বছর পর একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘ সময় নির্বাসিত থাকতে বাধ্য হন। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের ফলে এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যার মাধ্যমে তিনি ও তার পরিবার দেশে ফিরতে পেরেছেন।

নাহিদ ইসলাম আরও লেখেন, এনসিপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যেখানে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে আর রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে হবে না। বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে একটি মুক্ত বাংলাদেশের পথে অগ্রসর হওয়াই এখন মূল লক্ষ্য।

এনসিপির আহ্বায়ক বলেন, “নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

আরও পড়ুন: শুক্রবার ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করবে বিএনপি

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়