দেশে ফেরার বিমানে ফেসবুকে আবেগী বার্তা তারেক রহমানের
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ফ্লাইটটি হিথ্রো ত্যাগ করে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে মাঝ আকাশে থাকা অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিমানে তোলা একটি ছবির সঙ্গে তিনি মাত্র একটি শব্দে স্ট্যাটাস দেন— ‘ফেরা’।
আরও পড়ুন: ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ভোরেই জনসমুদ্রে সংবর্ধনাস্থল
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্মরণকালের অন্যতম বড় সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি রাজধানীর জুলাই এক্সপ্রেসওয়ে, যা সাধারণভাবে ৩০০ ফিট সড়ক নামে পরিচিত, সেখানে আয়োজিত বিশাল জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পূর্বাচল অংশে তার ভাষণের জন্য নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে। তীব্র শীত উপেক্ষা করে লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনসমাগমে কোথাও তিল ধারণের জায়গা নেই।
রাজপথজুড়ে একটিই স্লোগান ধ্বনিত হচ্ছে— ‘লিডার আসছে’। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক দলীয় স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আবেগ, উত্তেজনা ও উদ্দীপনা—যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








