News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ২৪ ডিসেম্বর ২০২৫

শরিক ৭ দলকে ৮টি আসন বণ্টন করল বিএনপি

শরিক ৭ দলকে ৮টি আসন বণ্টন করল বিএনপি

ফাইল ছবি

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার মাধ্যমে ৮টি আসন বণ্টন করেছে বিএনপি।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী- বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে আমরা এসব আসনে সমঝোতায় পৌঁছেছি। আলোচনার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।”

তিনি আরও জানান, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই দলে যোগ দেবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপি মহাসচিব বলেন, যেসব দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়