News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৪ ডিসেম্বর ২০২৫

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে আগেই নিষেধ করেছেন। বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, দেশে ফিরে তারেক রহমান সরাসরি অসুস্থ মায়ের কাছে যেতে চান এবং পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। এ জন্যই তিনি এমন একটি দিন প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়ে।

জনদুর্ভোগ এড়াতে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, রাজধানীর একপাশে অবস্থিত প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের এক পাশে সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

তিনি বলেন, ওই আয়োজনে দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশবাসীর কল্যাণে দোয়া করা হবে। এ অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়