News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫২, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪১, ১৭ জানুয়ারি ২০২০

৫৪০ দিন পর নয়াপল্টন যাচ্ছেন খালেদা

৫৪০ দিন পর নয়াপল্টন যাচ্ছেন খালেদা

ঢাকা: ৫৪০ দিন পর নয়াপল্টনে নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নববর্ষ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবছরই এ অনুষ্ঠানের আয়োজন করে তারা। সংগঠনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এ অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি জানান, বর্ষবরণের এই অনুষ্ঠানের জন্য ব্যপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে। খোলা রাস্তা এবং বিএনপি চেয়ারপারসন এই অনুষ্ঠানে যোগ দেয়ায় ৫০ হাজারের অধিক লোক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “অনুষ্ঠানে মনির খান, নাসির, রেখা, ইথুন বাবু, স্বীকৃতি, লুব্নাসহ জাসাস শিল্পিরা সংগীত পরিবেশন করবেন।”

বিএনপির আপদকালীন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন জানান, আগামীকাল বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

এর আগে ২১ অক্টোবর রাতে অসুস্থ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে নয়াপল্টনে এসেছিলেন খালেদা জিয়া। সেদিন অসুস্থ রিজভীকে দেখে নয়াপল্টন থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহর থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে আটক করেছিলো পুলিশ।

এ নিয়ে বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত নিরাপত্তা সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর ফলে খালেদা জিয়ার গাড়িবহর ১৫ মিনিট কার্যালয়ের সামনে সড়কে থেমে ছিল। পরে টুকুকে ছেড়ে দেওয়া হবে- পুলিশের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত ১১টা ৩০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর নয়াপল্টন কার্যালয়ের থেকে চলে যায়।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়