প্রচারণায় সরকারের অলিখিত বৈষম্য: আফরোজা আব্বাস
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, ভেবেছিলাম শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সরকারের আচরণ সহনশীল হবে, কিন্তু ফলাফল হচ্ছে তার বিপরীত। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সরকার অলিখিত বৈষম্য সৃষ্টি করে রেখেছে।
সোমবার মহানগরী দক্ষিণের ফকিরাপুল কাঁচাবাজার চালানো গণসংযোগের সময় আফরোজা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, “সরকারি দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণার চালিয়ে যাচ্ছে, আর আমাদের উপর প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের গণসংযোগ ও প্রচারণার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের হয়রানি করা হচ্ছে। গ্রেফতার ও নির্যাতনের জন্য তাদের বাড়িতে গিয়ে তল্লাশি করা হচ্ছে। এটা লেভেল প্লেয়িং ফিল্ড পরিস্থিতি নয়। এটা একতরফা নির্বাচনের পরিকল্পিত ষড়যন্ত্র।”
গণসংযোগকালে আফরোজা আব্বাস আরও বলেন, “মির্জা আব্বাসসহ আমাদের অনেক কাউন্সিলর প্রার্থী, কর্মী সমর্থকদের হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে। তাদেরকে ঘর, বাড়ি ছাড়া করা হয়েছে। এছাড়াও নতুন নতুন মামলার ফাঁদে জড়ানো হচ্ছে তাদের। এই পরিস্থিতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে অন্যতম বাধা।”
গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন- সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রফিক সিকদার, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
এদিকে মির্জা আব্বাসের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় মির্জা আব্বাসের প্রতিনিধি হিসেবে যোগ দেন যুবদল সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








