ইসি লেভেল প্লেইং ফিল্ড দিতে ব্যর্থ: বিএনপি
ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) বিরোধী দলের প্রার্থীদের জন্য এখনো সমান সুযাগ নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
নির্বাচন কমিশনারের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার বিকেল পাঁচটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, “বিএনপির বেশিরভাগ নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। তাই তারা প্রকাশ্যে প্রচারণায় আসতে পারছেন না। তাদের সমর্থকদের প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে। অনেকক্ষেত্রে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা প্রার্থীরা নাজেহালের শিকার হচ্ছেন। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারি দলের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করছে। ইসি সে বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি।”
তিনি অভিযোগ করে বলেন, “এ ধরনের পরিস্থিতি যেন না ঘটে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে এর কোনো প্রতিফলন ঘটছে না।”
বিএনপির এ নেতা বলেন, “নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। মেয়র-কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভাটিও সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়নি প্রধান নির্বাচন কমিশন। বরং তার কথা না শুনেই সভা ত্যাগ করেছেন সরকার সমর্থিত প্রার্থীরা।”
প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে আসাদুজ্জামান রিপন বলেন, “আমরা আশা করব, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পুনরুদ্ধারে নিজ উদ্যোগে সচেষ্ট হবেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








