News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪১, ১৭ জানুয়ারি ২০২০

সমস্যার সমাধানে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া হবে: সাকি

সমস্যার সমাধানে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া হবে: সাকি

ঢাকা: নাগরিক সমস্যার সমাধানে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।  

সোমবার কাওরানবাজার-তেজতুরি বাজার-তেজগাঁও ট্রাক স্টান্ড এলাকায় চালানো নির্বাচনী প্রচারণায় জোনায়েদ সাকি এ অঙ্গীকার করেন।

কাওরান বাজারের প্রতিটি মার্কেটের গলিতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা ছাড়াও  তেজগাঁও ট্রাকস্টান্ডে স্বতস্ফূর্তভাবে আয়োজিত একটি সমাবেশে বক্তব্যও রাখেন জোনায়েদ সাকি। বাজারের অব্যবস্থাপনা, আবর্জনা ও অনিয়ম নিয়ে ব্যবসায়ীরা অভিযোগের প্রেক্ষিতে সাকি তাদের বলেন, “এই মানুষদের শ্রমেই ঢাকা শহরের চাকা সচল থাকলেও তাদের কোন নাগরিক মর্যাদা এখানে নেই। দুর্নীতি আর অপচয়ের কারণে উন্নয়ন বরাদ্দের সামান্য অংশই নগরবাসীর স্বার্থে ব্যয় হয়।”

জোনায়েদ সাকি বলেন, “গ্যাস-পানি-বিদ্যুৎ আলাদা আলাদা কর্তৃপক্ষের হাতে থাকার কারণে অপচয় আর দুর্নীতির মাত্রা বহুগুন বৃদ্ধি পাচ্ছে। মেয়র নির্বাচিত হলে নগর-সরকার প্রতিষ্ঠা করে এই অবস্থার নিরসনের সর্বোচ্চ উদ্যোগ নেয়া হবে।”

পরে বিকেল তিনটায় জোনায়েদ সাকি শ্যামলী সিনেমা হল থেকে শুরু করে জাপান গার্ডেন সিটি পর্যন্ত দ্বিতীয় দফায় নির্বাচনী জনসংযোগ পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন- সঙ্গীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, শ্রমিক নেতা তাসলিমা আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক শ্যামলী শীল, লেখক প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিকসহ অন্যরা।

নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়