News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ২৭ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির কবর জিয়ারতসহ আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

ওসমান হাদির কবর জিয়ারতসহ আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

ফাইল ছবি

দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এরপর তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

আরও পড়ুন: রাতে জাতীয় স্মৃতিসৌধের বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীর

এরপর শুক্রবার (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়