আজ বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি তারেক রহমানের শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচিও তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রমে অংশ নেবেন। পরে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যাবেন।
তবে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য জানা যায়নি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, তারেক রহমান কখন এবং কোথায় ভোটার হবেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে এখনো কোনো তথ্য পৌঁছায়নি।
আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে: নাহিদ ইসলাম
উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই এখনও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








