News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৫

লাখো নেতাকর্মীর উচ্ছ্বাসে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

লাখো নেতাকর্মীর উচ্ছ্বাসে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

ছবি: সংগৃহীত

একটু পরেই সেই মাহেন্দ্রক্ষণ। যার অপেক্ষায় দেড় যুগ ধরে প্রহর গুনছেন বিএনপির লাখো নেতাকর্মী। প্রিয় নেতার সঙ্গে সেই কাঙ্ক্ষিত মহামিলনের আনন্দে উদ্বেলিত তারা। মহামিলনের মোহনায় একত্রিত হওয়ার বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর ৩০০ ফিট এলাকাজুড়ে।

ইতোমধ্যেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের পথে দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রিয় নেতাকে অভিবাদন জানান নেতাকর্মীরা। তারেক রহমান সহাস্যে হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিচ্ছেন।

তারেক রহমানকে বহনকারী লাল-সবুজ রঙের বিশেষ বাসটি ইতোমধ্যে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় পৌঁছেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সহযোগিতায় তিনি সংবর্ধনা মঞ্চে উঠেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। পরে ধীরে ধীরে বিমানবন্দরের বাইরে আসেন তিনি।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে গণসংবর্ধনার পথে তারেক রহমান

বিমানবন্দরের বাইরে আগে থেকেই প্রস্তুত রাখা বিশেষ বাসে ওঠেন তারেক রহমান। এরপর তিনি রওনা দেন রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশের উদ্দেশে। পথে রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়