News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৫

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।

এর আগে, ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দরে পৌঁছান বিকেল ৪টা ১৫ মিনিটে। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলের পক্ষ থেকে বিমানবন্দরে কোনো ভিড় বা রিসিপশন না করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: দেশে ফেরার বিমানে ফেসবুকে আবেগী বার্তা তারেক রহমানের

ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। এখানে তিনি সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। এরপর ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে এক ঘণ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকবেন। হাসপাতাল থেকে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছাবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকেই পূর্বাচল ৩০০ ফিট এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ভোরের তীব্র শীত উপেক্ষা করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা মূল স্লোগান হিসেবে উচ্চারণ করছেন—‘লিডার আসছে’।

তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দর্শনার্থী প্রবেশ সীমিত রাখা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি ও সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের বিদেশ অবরোধের পর তারেক রহমান দেশে ফিরে দেশের রাজনীতিতে পুনঃপ্রবেশ করেছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই সংবর্ধনা অনুষ্ঠান স্মরণকালের সবচেয়ে বড় হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়