News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ ডিসেম্বর ২০২৫

গণতন্ত্র উত্তরণে ‘ভয়ংকর চক্রান্তের’ অভিযোগ বিএনপি মহাসচিবের

গণতন্ত্র উত্তরণে ‘ভয়ংকর চক্রান্তের’ অভিযোগ বিএনপি মহাসচিবের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকাল বা ‘ট্রানজিশনাল পিরিয়ড’ অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি ব্যক্তি ও মহল ভয়ংকরভাবে চক্রান্ত করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি ভয়াবহ ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসেছে, যে শাসন দেশের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই শাসনের অবসান ঘটিয়ে দেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ গঠিত হলে দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে-এমন প্রত্যাশাই করছে জনগণ।

এই প্রক্রিয়ার মধ্যেই কিছু ব্যক্তি ও মহল পরিবর্তনকালীন রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাহত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি-মহল এই ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকরভাবে চক্রান্ত করছে।

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে ষড়যন্ত্রের ফল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি আবারও শহিদ ওসমান বিন হাদির আত্মার মাগফেরাত কামনা করছেন।

তিনি বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, যেন আল্লাহতালা ওসমান বিন হাদিকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দেন।

সংবাদ সম্মেলনে পরিবর্তনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেও দায়ী করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রত্যাশা ছিল—এই কয়েক মাসে তারা দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করবেন। তবে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু করতে সরকারকে আরও সচেতন, ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ঘোষণা দেন, শতবর্ষী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি।

আরও পড়ুন: জমিয়তে উলামায়ের সঙ্গে ৪ আসনে বিএনপির সমঝোতা

সমঝোতা হওয়া আসনগুলো হলো, 

  • নীলফামারী-১: জমিয়তের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী
  • নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী
  • সিলেট-৫: দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক
  • ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবীব

এই চারটি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, শরিক দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতা সম্পন্ন হয়েছে এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

তিনি জানান, আসন সমঝোতা ও রাজনৈতিক জোটসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম শীর্ষ দল এবং তাদের সঙ্গে একটি নীতিভিত্তিক নির্বাচনি সমঝোতা হয়েছে।

তিনি জানান, বিএনপি সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবে এবং কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না।

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রির স্বীকৃতি, ইমাম-খতিব-মুয়াজ্জেনদের জন্য রাষ্ট্রীয় ভাতা ও উৎসব ভাতা, ধর্মীয় ট্রাস্ট শক্তিশালীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে অগ্রাধিকার বিএনপির নির্বাচনি ইশতেহারে থাকবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ বর্তমানে রাজনৈতিকভাবে বিভক্ত অবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে বিএনপিকেই সবচেয়ে আস্থাভাজন দল হিসেবে বিবেচনা করেছে জমিয়ত।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতা ও বিশ্লেষণের ভিত্তিতে বিএনপির নেতৃত্বেই দেশ পরিচালনা নিরাপদ হবে বলে তারা মনে করেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সরকার ইসলামী মূল্যবোধ, ধর্মীয় স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়