জমিয়তে উলামায়ের সঙ্গে ৪ আসনে বিএনপির সমঝোতা
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে চারটি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জমিয়তের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।
মির্জা ফখরুল বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উদ্যোগের সফলতা কামনা করি।”
আরও পড়ুন: ৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেলেন তাসনিম জারা
তিনি আরও বলেন, “দেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলার অবনতির জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








