News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৬, ২২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা

ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা

ছবি: নিউজবাংলাদেশ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে নতুন তিন দফা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। 

সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দফাগুলো প্রকাশ করা হয়।

প্রথম দফা: দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। তদন্তে পেশাদারি ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

দ্বিতীয় দফা: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে সক্রিয় আওয়ামী সমর্থকদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে।

তৃতীয় দফা: স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাদের জনগণের সামনে নিজেদের অপারগতার কারণ ব্যাখ্যা করতে হবে এবং হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

সংগঠনের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের জানান, ওসমান হাদি হত্যাকাণ্ড জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। 

তিনি বলেন, এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া জরুরি। 

তিনি উল্লেখ করেন, অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে এবং ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডের ক্ষেত্রেও একই পথে হাঁটতে হবে।

আরও পড়ুন: ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

তিনি বলেন, ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং জুলাই-পরবর্তী সময়ে দেশের সবচেয়ে সাহসী কণ্ঠগুলোর একজন ছিলেন। কোনো ভয়ভীতি ছাড়াই তিনি সব সময় সত্য কথা বলতেন। বর্তমান সরকারব্যবস্থায় যে আপাত স্থিতিশীলতা দেখা যাচ্ছে, তার পেছনেও হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি, ওসমান হাদির রক্ত ঝরেছে, আর আমরা যদি খুনিদের বিচার দেখতে না পাই তা হতে পারে না। বিচার নিশ্চিত না হলে দেশে এ ধরনের ঘটনা আরও বাড়বে। 

তিনি অভিযোগ করেন, সম্প্রতি হত্যাকাণ্ডটি মূল আলোচনার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাদিকে ‘মেইন সাবজেক্ট’ থেকে বাদ দিলে আর কোনো বিষয়ই মূল সাবজেক্ট হিসেবে থাকবে না। রাষ্ট্রের সব সিদ্ধান্ত হাদিকে কেন্দ্র করেই গ্রহণ করতে হবে।

টাইম ফ্রেম প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের দাবি, প্রধান উপদেষ্টা সম্প্রতি নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে বৈঠক করেছেন। সেই প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়ে রাষ্ট্র স্পষ্ট সিদ্ধান্ত জানাবে।

জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় ১২ ডিসেম্বর দুপুরে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। মাথায় গুলি লাগায় গুরুতর আহত তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে হত্যাকাণ্ডটি তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে নতুন করে সংবাদ সম্মেলনের আয়োজন করার ঘোষণা দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়