এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।
মির্জা ফখরুল বলেন, এখানে খুব বেশি কথা বলার কিছু নেই। আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়—আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুতেই আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপরও আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, আর আজ সেই জায়গাটিতেই আঘাত করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ কোনো রাজনৈতিক দল কিংবা কোনো একটি সংগঠনের বিষয় নয়—এটি সব গণতন্ত্রকামী মানুষের বিষয়। এখন সময় এসেছে সবাই এক হওয়ার। যারা অন্ধকার থেকে আলোতে যেতে চায়, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদের শুধু সচেতন হলে চলবে না—রুখে দাঁড়াতে হবে।
আরও পড়ুন: তারেক রহমানকে সংবর্ধনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ
বিএনপি মহাসচিব বলেন, আমি আহ্বান জানাচ্ছি, শুধু প্রতিবাদ সভা বা মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে হবে না। যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সবাইকে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তিকে রুখে দেওয়ার সময় এখনই।
নিউজবাংলাদেশ.কম/এসবি








