তারেক রহমানকে সংবর্ধনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ
ছবি: সংগৃহীত
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দলটি। এ লক্ষ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
বিএনপি নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
দলীয় নেতারা বলেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় দেশবাসী অধীর আগ্রহে রয়েছে। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতিও পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতি দেওয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ সংক্রান্ত অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠান।
আরও পড়ুন: নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক প্রজাপতি
উল্লেখ্য, প্রায় দেড় যুগ প্রবাস জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








