আজ থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে তিনি হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে।
প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬টি, সৌদি আরবের সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী যাবেন।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।
আরও পড়ুন: নতুন দুই দিবসের অনুমোদন দিল মন্ত্রিসভা, বাড়ছে সরকারি ছুটি
প্রি-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








