News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ১৭ এপ্রিল ২০২৬

সবজির বাজারে আগুন, কেজি ছাড়াল ১০০ টাকা

সবজির বাজারে আগুন, কেজি ছাড়াল ১০০ টাকা

ছবি: সংগৃহীত

তেল সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি এখন ১০০ টাকার ওপরে, যা ভরা মৌসুমের তুলনায় প্রায় দ্বিগুণ।

এই পরিস্থিতিতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই ৩০০ থেকে ৫০০ টাকায় এক সপ্তাহের সবজির চাহিদা মেটাতে পারছেন না।

শুক্রবার (১৭ এপ্রিল) বাজার ঘুরে দেখা গেছে, পটল প্রতি কেজি ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা, ধুন্দুল, করলা, শসা ও বরবটি প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

এছাড়া মূলা, টমেটো ও ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি। বাজার তদারকির অভাবের কারণে বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

বিক্রেতারা জানান, মৌসুম শেষের দিকে আসা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে সবজির দাম বেড়েছে।

অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক রয়েছে এবং সোনালি মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা এবং ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম প্রতি ডজন ১১৫ থেকে ১২০ টাকা।

আরও পড়ুন: দেশে চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

গরুর মাংসের দাম এখনও বেশি রয়েছে। প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হলেও দরদাম করে কিছুটা কমে পাওয়া যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়