News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৫, ১৫ এপ্রিল ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির সুবাতাস

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির সুবাতাস

ফাইল ছবি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অভাবনীয় প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনেই বাংলাদেশে এসেছে ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয়, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ১৯ হাজার ৬০৫ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১২৮ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৫ দশমিক ২০ শতাংশ।

আরও পড়ুন: রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, এপ্রিলের ১২ দিনে ১৪৩ কোটি ডলার

সপ্তাহের শেষ দিকে রেমিট্যান্স প্রবাহে তেজি গতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সোমবার ও মঙ্গলবার- এই দুই দিনে দেশে এসেছে ২ হাজার ৮৬ কোটি ২০ লাখ টাকার প্রবাসী আয়।

২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ১৪ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৭৮১ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। একই সময়ে আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

খাত সংশ্লিষ্টদের মতে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে বেশি পরিমাণে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়