জ্বালানি তেলের নতুন দর কার্যকর
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রক্ষা এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বড় অঙ্কের ব্যবধানে বৃদ্ধি করেছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই মূল্য রবিবার (১৯ এপ্রিল) ভোর থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের চূড়ান্ত তথ্য নিশ্চিত করা হয়। এর ফলে আজ থেকে দেশের প্রতিটি ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নতুন নির্ধারিত দরেই জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
নতুন নির্ধারিত দামে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বৃদ্ধি পেয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বৃদ্ধি করে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সমন্বয় করা হয়েছে এবং নতুন দাম সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
আরও পড়ুন: পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
সংগঠনটির মতে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মূল্য নির্ধারণ করায় জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়বে এবং মজুত প্রবণতা কমে আসবে।
এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যায়। জানুয়ারিতে প্রতি লিটার ডিজেল ও অকটেনের দাম ছিল যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা। ফেব্রুয়ারিতে ডিজেল ২ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয় এবং অন্য তেলগুলোর দামও সামান্য হ্রাস পায়। মার্চ ও এপ্রিল মাসে সরকার আগের নির্ধারিত দাম অপরিবর্তিত রাখে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা।
পরবর্তীতে ১৮ এপ্রিল রাতে এবং ১৯ এপ্রিল থেকে কার্যকর নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বড় ধরনের মূল্য সমন্বয় করা হয়। এতে ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়।
নতুন দর কার্যকর হওয়ায় এখন থেকে দেশের সব ডিপো, পরিবেশক ও ফিলিং স্টেশনকে সরকারি নির্ধারিত এই মূল্যেই জ্বালানি তেল বিক্রি করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








