জিলকদ শুরু সোমবার, কোরবানির সম্ভাব্য তারিখ ঘোষণা
ফাইল ছবি
বাংলাদেশের আকাশে গত শনিবার (১৮ এপ্রিল) পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামী আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের গণনা শুরু হবে। জিলকদ মাসের আগমনের সঙ্গে সঙ্গেই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ক্ষণগণনা।
ইসলামি শরিয়াহ মোতাবেক হিজরি ক্যালেন্ডারে মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, দেশের কোথাও শাওয়াল মাসের ২৯ তারিখে জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং সোমবার থেকে নতুন মাসের যাত্রা শুরু হচ্ছে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরবর্তী মাস হলো জিলহজ। এই জিলহজ মাসের ১০ তারিখে সারা বিশ্বে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।
আরও পড়ুন: আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা
বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ২০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত জিলকদ মাসের ২৯ দিন অতিবাহিত হবে। যদি জিলকদ মাসটি ২৯ দিনে শেষ হয় এবং ১৯ মে জিলহজ মাসের শুরু হয়, তবে সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করলে জিলহজ মাসের গণনা শুরু হবে ২০ মে থেকে এবং সেক্ষেত্রে কোরবানির ঈদ উদযাপিত হবে ২৯ মে।
মূলত জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত দিন নির্ধারিত হবে, যা পরবর্তীতে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দেশবাসীকে জানানো হবে। হিজরি সনের এই গুরুত্বপূর্ণ মাস পরিবর্তনের সাথে সাথেই সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে ঈদুল আজহা ও কোরবানির আগাম প্রস্তুতি।
নিউজবাংলাদেশ.কম/পলি








