যুক্তরাষ্ট্রের হুমকির ছায়ায় আলোচনায় নয়: গালিবাফ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হুমকির পরিবেশে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরান ইতোমধ্যে বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োজনে নতুন কৌশল গ্রহণ করা হবে।
মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং সমুদ্রপথে উত্তেজনা সৃষ্টি করেছে, যা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন এবং চাপ সৃষ্টি করে আলোচনাকে আত্মসমর্পণের মাধ্যমে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
গত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও নৌ অবরোধ এবং ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন মোহাম্মদ বাঘের গালিবাফ।
এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন দফা আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সমুদ্রপথে উত্তেজনা এবং পারস্পরিক অভিযোগের কারণে কূটনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আরও পড়ুন: জাপানে ৭.৪ ভূমিকম্পের পর আঘাত হানল সুনামি
ইরানের সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো ধরনের উত্তেজনার জন্য দেশটি প্রস্তুত রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চাপ অব্যাহত রয়েছে। ইরান বলছে, চাপের মুখে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। সূত্র: প্রেসটিভি
নিউজবাংলাদেশ.কম/এসবি








