News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ১৯ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় ডিজেল পাচারকালে বাংলাদেশি যুবকসহ আটক ২

মালয়েশিয়ায় ডিজেল পাচারকালে বাংলাদেশি যুবকসহ আটক ২

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের মুকিম জিমাহ এলাকায় ডিজেল পাচারকারী চক্রের বিরুদ্ধে এক সফল অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শনিবার (১৮ এপ্রিল) ভোরে পরিচালিত এই বিশেষ অভিযানে একটি পাচারকারী চক্রকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে একজন ৩৬ বছর বয়সী মালয়েশীয় নাগরিকের পাশাপাশি ২৪ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুকিত আমান ফেডারেল রিজার্ভ ইউনিটের গোয়েন্দা শাখা এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (কেপিডিএন) যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২টা ১৮ মিনিটে একটি বিশেষ স্থানে হানা দেওয়া হয়। 

আরও পড়ুন: পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

অভিযান চলাকালীন দেখা যায়, একটি স্ক্যানিয়া প্রাইম মুভার ও ট্রেলার ব্যবহার করে কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই শিল্প কারখানার স্টোরেজ ট্যাংকে অবৈধভাবে ডিজেল স্থানান্তর করা হচ্ছিল। ১৯৬১ সালের ‘সাপ্লাই কন্ট্রোল অ্যাক্ট’ লঙ্ঘন করে এই কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে ঘটনাস্থল থেকেই ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

অভিযানকারী দল ঘটনাস্থল থেকে পাচারকাজে ব্যবহৃত লরি ও ট্রেলারসহ প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। জব্দকৃত সরঞ্জাম ও জ্বালানির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৭ হাজার ৫৭৮ রিঙ্গিত বলে জানানো হয়েছে। 

পিএসপি কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোসলি বিন মো. ইউসুফ জানান, দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলা এ ধরনের জ্বালানি পাচার রোধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নেগেরি সেম্বিলান কেপিডিএন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৬১ সালের সাপ্লাই কন্ট্রোল অ্যাক্টের ২১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়