News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৭, ১৯ এপ্রিল ২০২৬

লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের স্বপ্ন দেখা ১৭ জন অভিবাসীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার উপকূল থেকে। দেশটির রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জুয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে স্থানীয় চিকিৎসকদের একটি দল নিশ্চিত করেছে।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানায়, ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উপকূলীয় এই অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সংস্থাটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে উদ্ধার অভিযানের কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সঙ্গে মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জনের মরদেহ ইতোমধ্যে ধর্মীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে, যাতে নিহতদের সঠিক পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যায়। সাধারণত ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি কিংবা সাহারা মরুভূমি অতিক্রমের পথে তীব্র পানি ও খাদ্য সংকটে এমন প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ‘নিঃশর্ত ও অবাধ চলাচল’ এখন কেবলই অলীক কল্পনা: ইরান

২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির আশায় আফ্রিকা ও এশিয়ার হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ বেছে নিচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়