নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিলের বিষয়ে দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিলের বিষয়ে দূতাবাসের সতর্কতা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত পালনে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

গতকাল শনিবার (১৮ এপ্রিল) এক বিশেষ বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, পড়াশোনা মাঝপথে বন্ধ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কোর্স পরিবর্তন করলে তাৎক্ষণিকভাবে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। শুধু তাই নয়, এই ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যারা ‘এফ’ বা ‘এম’ ক্যাটাগরির শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের অবশ্যই নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত একাডেমিক প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী যদি যথাযথ কারণ বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শিক্ষা কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন অথবা ক্লাসে দীর্ঘ সময় অনুপস্থিত থাকেন, তবে তা সরাসরি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। 

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

মার্কিন ইমিগ্রেশন আইন অনুযায়ী, এ ধরনের কার্যকলাপের ফলে শিক্ষার্থীর বৈধ অবস্থান বাতিল হয়ে যায়।

দূতাবাস আরও সতর্ক করেছে যে, একবার যদি কোনো শিক্ষার্থীর ভিসা অনিয়মের কারণে বাতিল হয়, তবে পরবর্তী সময়ে তার যেকোনো ধরনের মার্কিন ভিসার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে। এটি কেবল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে নয়, বরং ভবিষ্যতে ট্যুরিস্ট বা কাজের ভিসার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মূলত যুক্তরাষ্ট্রে অবস্থানের ক্ষেত্রে বৈধতা বজায় রাখা এবং ইমিগ্রেশন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টি নিশ্চিত করতেই এই কঠোর বার্তা দেওয়া হয়েছে।

সম্ভাব্য আইনি জটিলতা এবং একাডেমিক ক্যারিয়ারের ক্ষতি এড়াতে শিক্ষার্থীদের সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করতে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। এই সতর্কবার্তাটি মূলত যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে পড়াশোনা শেষ করতে উৎসাহিত করার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়