News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৪, ১৯ এপ্রিল ২০২৬

হজযাত্রীদের জন্য নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা

হজযাত্রীদের জন্য নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা

ছবি: সংগৃহীত

হজ ও ওমরাহ পালনকে আরও শৃঙ্খলিত ও নিরাপদ করতে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি আরবের ডিজিটাল পরিচয় ও অনুমতিপত্র ব্যবস্থা ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের ক্ষেত্রে এই ডিজিটাল কার্ডটিকে অন্যতম প্রধান পূর্বশর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ হিসেবে এই নুসুক কার্ড হাজিদের পরিচয়পত্র এবং অনুমতিপত্র হিসেবে কাজ করবে, যা ছাড়া পবিত্র স্থানগুলোতে যাতায়াত বা প্রবেশ কোনোভাবেই সম্ভব হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসন্ন হজ মৌসুমের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ এই কঠোর নিয়ম আরোপ করেছে। বাংলাদেশি হজযাত্রীরা যাতে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতায় না পড়েন, সেজন্য মন্ত্রণালয় এই সতর্কতা জারি করেছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি টেলিভিশনসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় এই নির্দেশনাটি স্ক্রল আকারে প্রচারের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। 

আরও পড়ুন: ২ দিনে সৌদি পৌঁছেছেন ৭ হাজারের বেশি হজযাত্রী

মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, পবিত্র ভূমি মক্কা এবং মসজিদে হারামের ভেতরে হাজিদের অবস্থান ও যাতায়াত নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কার্ডটি একটি অপরিহার্য ডিজিটাল টুল।

এদিকে, ২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিকতা গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর শনিবার (১৮ এপ্রিল) ভোর থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে প্রথম ফ্লাইটগুলো ছেড়ে যায়। 

হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, হজের প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৯ জন যাত্রী নিয়ে শনিবার ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হজযাত্রীদের ফুল ও রিফ্রেশমেন্ট কিট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সৌদি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়