লাইভস্ট্রিমে নতুন ফিচার আনছে ইউটিউব
ছবি: সংগৃহীত
লাইভস্ট্রিম চলাকালে দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বন্ধ রাখার নতুন ফিচার চালু করছে ইউটিউব। এতে লাইভ ভিডিও দেখার অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
এতদিন লাইভ ভিডিওতে বিজ্ঞাপন এড়ানোর একমাত্র উপায় ছিল ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন। নতুন এই ব্যবস্থায় নির্দিষ্ট সময় বিনা খরচেই বিজ্ঞাপন ছাড়া লাইভ দেখা যাবে।
ইউটিউব জানিয়েছে, লাইভ চ্যাটে হঠাৎ বার্তা আদান-প্রদান বেড়ে গেলে বা দর্শকের সক্রিয়তা বৃদ্ধি পেলে তাদের সিস্টেম তা শনাক্ত করবে এবং সেই সময়ে বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, যাতে লাইভের ধারাবাহিকতা ও ‘মুড’ অক্ষুণ্ন থাকে।
প্ল্যাটফর্মটির মতে, লাইভস্ট্রিমে দর্শকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিজ্ঞাপন দেখানো হলে তা দর্শক ও কনটেন্ট নির্মাতা উভয়ের জন্যই বিরক্তিকর হতে পারে।
এছাড়া দর্শকেরা সুপার চ্যাট, সুপার স্টিকার বা উপহার দিয়ে নির্মাতাকে সমর্থন করলে তারা নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন। সুপার চ্যাট হলো এমন একটি ফিচার, যেখানে অর্থের বিনিময়ে বার্তাকে চ্যাটে আলাদা করে দেখানো যায়।
নতুন আপডেটে আরও জানানো হয়েছে, এখন আরও বেশি দেশে নির্মাতারা দর্শকদের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মোবাইল থেকে অনুভূমিক লাইভস্ট্রিমে জিআইএফ পাঠানোর সুবিধাও যুক্ত হচ্ছে।
আরেকটি নতুন ফিচারে নির্মাতারা একসঙ্গে উল্লম্ব ও অনুভূমিক দুই ফরম্যাটে লাইভ করতে পারবেন, তবে সব দর্শক একটি একক চ্যাটে যুক্ত থাকবেন।
ইউটিউবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে লাইভ ভিডিও দেখার সময়ের ৩০ শতাংশের বেশি এসেছে সংযুক্ত টেলিভিশন ডিভাইস থেকে। তাই বিভিন্ন স্ক্রিনে লাইভস্ট্রিম আরও উপযোগী করতে এসব পরিবর্তন আনা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের আকাশে বিরল লাইরিড উল্কাবৃষ্টি ও নক্ষত্রের মহোৎসব
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ইউটিউব প্রিমিয়ামের দাম বাড়ানোর ঘোষণাও দিয়েছে প্ল্যাটফর্মটি। ফলে বিজ্ঞাপন ব্যবস্থায় এই পরিবর্তন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








