আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থল: প্রধানমন্ত্রী
কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল—এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের মধ্যে এ বিশ্বাস প্রতিষ্ঠা করা গেলে মব ভায়োলেন্স অনেকাংশে কমে আসবে।
সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী শাসনামলে বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল এবং রাতের আঁধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আদালত কোনো হয়রানির জায়গা নয়, এটি ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থান। ই-বেইলবন্ড ব্যবস্থার মাধ্যমে জামিন প্রক্রিয়ায় হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। তবে ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া না দেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বগুড়া কোর্ট ভবন নির্মাণে ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির জন্য বই কেনায় ৫ লাখ টাকা—মোট ২০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এর আগে গার্ড অব অনার শেষে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ই-বেইলবন্ড কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। পরে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন, যার মাধ্যমে ১৮৭৬ সালে স্থাপিত বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হয়।
আরও পড়ুন: বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দিনব্যাপী সফরে তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক বাড়িতে যান। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনশেষে তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








