ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়লো
লেবানন ও ইসরাইলের পতাকা। ছবি: সংগৃহীত
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান।
খবরটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
ট্রাম্প বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি আরও ইঙ্গিত দেন, এই উদ্যোগ বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মধ্যে ইরান ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর যুদ্ধবিরতির প্রথম ঘোষণা আসে, যা রোববার শেষ হওয়ার কথা ছিল। মূলত ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত বন্ধ করাই ছিল এর লক্ষ্য।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই হোয়াইট হাউসে সফর করতে পারেন। তিনি বলেন, লেবাননের জন্য হিজবুল্লাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ করছে।
বৈঠকে উপস্থিত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার ট্রাম্পের মধ্যস্থতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। লেইটার বলেন, লেবানন থেকে হিজবুল্লাহর প্রভাব কমানোই তাদের মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, এটি ইসরায়েল ও লেবাননের মধ্যে কয়েক দশকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করছে।
এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছে, যা ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করার কথা জানিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতে লেবাননে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ২৯৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও অন্তত ১৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন: এশীয় জলসীমায় তিন ইরানি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
হিজবুল্লাহকে লেবাননের রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিভিন্ন পক্ষ তাদের নিরস্ত্রীকরণের দাবি জানালেও সংগঠনটি এ বিষয়ে এখনো অনাগ্রহী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








