News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ২৮ এপ্রিল ২০২৬

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, প্রস্তাবটিতে ইরানের পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রস্তাবটি পছন্দ করেননি। কারণ এতে ইরানের পরমাণু কর্মসূচি যথেষ্ট গুরুত্ব পায়নি।

তবে এ প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর উত্তেজনা নিরসনে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দেয় ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবের প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং ইরান ও লেবাননে আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে।

দ্বিতীয় ধাপে, প্রথম শর্তগুলো মানা হলে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে, আগের দুই ধাপে সমঝোতা হলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার লক্ষ্যে ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৩৮

প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা আলোচনার আহ্বান জানিয়েছে পাকিস্তানসহ বিভিন্ন দেশ। ইরান জানিয়েছে, নতুন প্রস্তাবের ভিত্তিতেই তারা পরবর্তী সংলাপে অংশ নিতে আগ্রহী। সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়