বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীকে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা ও উপহার প্রদান
ছবি: সংগৃহীত
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৌদ্ধ নেতৃবৃন্দ সরকারের এসব উদ্যোগের প্রতি সাধুবাদ জানান এবং বাংলাদেশের শান্তি ও অগ্রযাত্রায় তাদের সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার পুনরুক্ত করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি সম্মাননা ক্রেস্ট এবং পবিত্র বুদ্ধমূর্তির প্রতিবিম্ব উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড ও গ্রিন সিটির পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বৌদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে মৈত্রী ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি








