News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:২৮, ২৮ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৩৮

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৩৮

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।

সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে বরতাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনার সময় স্টেশনে একটি কমিউটার ট্রেন যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল এবং লাইনের সংকেতের অপেক্ষায় ছিল। এ সময় হঠাৎ একই লাইনে পেছন দিক থেকে দ্রুতগতিতে একটি দূরপাল্লার ট্রেন এসে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রেনটির পেছনের বগিগুলো দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষের তীব্রতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেন। প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আহতদের দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এটি যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ‘মুখ বুজে সহ্য করবে না বেইজিং’

উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়