News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ৩০ এপ্রিল ২০২৬

৯ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

৯ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ছবি: নিউজবাংলাদেশ

দেশের অভ্যন্তরীণ অন্তত নয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর) দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়।

আবহাওয়াবিদদের মতে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) নৌ-সতর্ক সংকেত জারি করা হয়েছে। নৌযান মালিক ও সংশ্লিষ্টদের চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অতিভারী বৃষ্টিতে উত্তর-পূর্বে বন্যা ঝুঁকি, বিপৎসীমার ওপরে ৪ নদী

এদিকে গতকাল রাতে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কালবৈশাখী মৌসুমের এই সময়ে ঝোড়ো হাওয়ার তীব্রতা যেকোনো সময় বাড়তে পারে বিধায় সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়