আবারও কমলো স্বর্ণের দাম
ফাইল ছবি
দেশের বাজারে টানা দরপতনের মধ্যে রয়েছে মহামূল্যবান ধাতু স্বর্ণ। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে সংগতি রেখে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণের দামে আবার বড় পতন, ভরিতে কমলো ২,২১৬ টাকা
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তার আগের দিন ২৮ এপ্রিল একই পরিমাণে এবং ২৩ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ মাত্র সাত দিনের ব্যবধানে চার দফা সমন্বয়ে ভালো মানের স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








