নতুন চলচ্চিত্র প্রকল্পে ২০ লাখ টাকার অনুদান দিচ্ছে অধিদপ্তর
ছবি: সংগৃহীত
দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের গল্পকে চলচ্চিত্রে তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। জাতীয় সংস্কৃতি ও গৌরবের ইতিহাস দৃশ্যমান করতে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চিত্রনাট্য ও আর্থিক অনুদানের আবেদন আহ্বান করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর একটি হবে গাজী কালু ও চম্পাবতী অবলম্বনে। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ মিনিট। এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।
এছাড়া দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৫ মিনিট, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ লাখ টাকা।
অধিদপ্তর জানায়, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ চলচ্চিত্র নির্মাণের সব ধাপ সম্পন্ন করতে হবে। পাশাপাশি সৃজনশীলতা ও মানসম্পন্ন নির্মাণ দক্ষতার প্রমাণও থাকতে হবে।
যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: ১২ মে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








