রাজধানীতে কমলো মুরগির দাম, বেড়েছে মাছের দাম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজধানীর বাজারে পোল্ট্রি, সোনালি ও দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে মাছের দাম প্রকারভেদে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর রামপুরা, আফতাবনগর ও ডিএনসিসি কৃষি মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।
বাজারে দেখা গেছে, গত এক সপ্তাহে সোনালি মুরগির দাম ৪০০–৪১০ টাকা থেকে কমে ৩৫০–৩৬০ টাকায় নেমেছে। পোল্ট্রি মুরগি ১০–২০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায়। দেশি মুরগির দামও কমে ৭২০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। তবে লেয়ার মুরগির দাম ২০ টাকা বেড়ে এখন ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারের মুরগি ব্যবসায়ী আমির হোসেন বলেন, ঈদের আগে খামারে ঘাটতির কারণে দাম বেড়েছিল, তবে এখন উৎপাদন বাড়ায় দাম কমতে শুরু করেছে। ভবিষ্যতে আরও কমার সম্ভাবনা রয়েছে।
সবজির বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। করলা, পটল ৫০–৬০ টাকা, ঢেঁড়স ৪০–৫০ টাকা, বেগুন ৬০–৮০ টাকা এবং কাঁকরোল ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০–৩০ টাকা পর্যন্ত কমেছে।
সবজি ব্যবসায়ী আবুল হাসনাত জানান, বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
অন্যদিকে মাছের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। পাঙ্গাশ ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রুই মাছ ৩৪০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া, পাবদা, শোলসহ অন্যান্য মাছেও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
আরও পড়ূন: সোনার দামে বড় পতন: ভরিতে কমল ৩২৬৬ টাকা
আফতাবনগরের ক্রেতা সবুজ আহমেদ বলেন, সবজির দাম কিছুটা কমলেও মাছের দাম এখনও বেশি। উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর বাজার আরও ওঠানামা করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








